নিউজ ডেস্ক:
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষের পর ভয়াবহ আগুনে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে দ্রুতগতির অ্যাম্বুলেন্স সজোরে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাসটিতে এবং পাশের আরও একটি বাসকে গ্রাস করে।
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে চারজন মারা যান। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সম্পূর্ণ পুড়ে গেছে।