নিউজ ডেস্ক:
পঞ্চগড়ের সীমান্ত এলাকায় টাস্কফোর্স অভিযানে উদ্ধার করা হয়েছে ২৫ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথর। এ সময় নুরুজ্জামান এসেন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) মীরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪২২ থেকে সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডোকরোপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কষ্টিপাথরটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে বস্তাবন্দি অবস্থায় সাড়ে ২৪ কেজি ওজনের কষ্টিপাথরটি উদ্ধার করা হয়। পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের বিদ্যাপিঠা গ্রামের বাসিন্দা নুরুজ্জামানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পঞ্চগড় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ জানান, “সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবি তৎপর রয়েছে। নিয়মিত মাদকবিরোধী ও চোরাচালান রোধে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় কষ্টিপাথরসহ একজনকে আটক করা হয়েছে।”