নিউজ ডেস্ক:
তিব্বতে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬ জনে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২০০ জন। জীবিতদের উদ্ধারে রাতভর কাজ করছে জরুরি বিভাগ ও স্থানীয় বাসিন্দারা। ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে সাড়ে ৩ হাজারেরও বেশি ভবন। ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই ৪০টির বেশি আফটার শক অনুভূত হয়, যা উদ্ধারকাজে বাড়তি জটিলতা সৃষ্টি করছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে তিব্বত ও আশপাশের এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, চীনের জিজাং অঞ্চলে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এবং এটি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়। ভূমিকম্পের ফলে বহু এলাকায় বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার তৎপরতায় সম্ভাব্য সব ধরণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সময়ের সাথে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান চালানো হলেও এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।