নিউজ ডেস্ক:
মেঘ-পাহাড়ের সৌন্দর্য উপভোগে সাজেক যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে নোয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সাজেকের সিজক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিনজন শিক্ষার্থীর নাম জানা গেছে। তারা হলেন ছাবিনা (২১), মিনি (২০) ও মিলি (২১)।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, নোয়াখালী সরকারি মহিলা কলেজের ২১ জন ছাত্রী এবং দুইজন শিক্ষক দুটি চাঁদের গাড়িতে সাজেক যাচ্ছিলেন। সিজক ছড়া থেকে সাজেক উঠার পথে একটি গাড়ি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৯০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে তিন শিক্ষার্থী গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনী আহতদের উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে পাঠায়। অন্যদিকে, কলেজের দ্বিতীয় গাড়িটি নিরাপদে সাজেক পৌঁছেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।