নিউজ ডেস্ক:
শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। নতুন সংযোগের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের মূল্য ৭৫ টাকা ৭২ পয়সা নির্ধারণের প্রস্তাব করে একটি চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-তে।
গতকাল, সোমবার, প্রস্তাবিত চিঠিটি বিইআরসি বরাবর পাঠানো হয়, যা আজ মঙ্গলবার একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, বর্তমানে শিল্প খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৩০ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার পরিকল্পনা রয়েছে। নতুন সংযোগপ্রাপ্ত গ্রাহকদের ক্ষেত্রে সম্পূর্ণ বিল নতুন দামে আদায় করা হবে। তবে, পুরোনো গ্রাহকদের জন্য কিছুটা ছাড়ের সুবিধা রাখা হতে পারে।
বর্তমানে শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৩০ টাকা এবং ক্যাপটিভ পাওয়ার (শিল্পে ব্যবহৃত নিজস্ব বিদ্যুৎ উৎপাদন) খাতে ৩০ টাকা ৭৫ পয়সা। এদিকে, আমদানি করা এলএনজির গড় ব্যয় ৬০-৬৫ টাকা ঘনমিটার।
২০২৩-২৪ অর্থবছরে গ্যাসের গড় মূল্য ছিল ২৪ টাকা ৩৮ পয়সা, যেখানে পেট্রোবাংলা গ্যাস বিক্রি করেছিল ২২ টাকা ৮৭ পয়সা দরে। বর্তমানে পেট্রোবাংলা দিনে গড়ে ২৮৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে, যার মধ্যে আমদানি করা এলএনজি থেকে আসে গড়ে ৮৫ কোটি ঘনফুট।
