নিউজ ডেস্ক:
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ঘিরে রাজনীতিতে নতুন মোড়। দীর্ঘদিন ধরে রাজনৈতিক চাপের মুখে থাকা ট্রুডোর বিরুদ্ধে বিরোধী দলগুলোর পাশাপাশি নিজ দলের মধ্য থেকেও পদত্যাগের দাবি উঠেছে। এমন পরিস্থিতিতে তিনি শিগগিরই লিবারেল পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে পারেন বলে একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবারের মধ্যেই ট্রুডো লিবারেল পার্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন। তবে এখনো নিশ্চিত নয় যে, ঠিক কোন সময়ে তিনি এই ঘোষণা দেবেন। ধারণা করা হচ্ছে, বুধবার অনুষ্ঠিতব্য জাতীয় ককাস বৈঠকের আগেই তিনি এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
তবে প্রধানমন্ত্রী কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ট্রুডো পদত্যাগের পর নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন কিনা, তা-ও এখনও স্পষ্ট নয়।
ট্রুডোর সম্ভাব্য পদত্যাগ লিবারেল পার্টিকে এক অস্থির পরিস্থিতিতে ফেলতে পারে। সাম্প্রতিক জনমত জরিপে দেখা যাচ্ছে, আসন্ন জাতীয় নির্বাচনে রক্ষণশীল দল শক্ত অবস্থানে রয়েছে। ট্রুডোর সরে দাঁড়ানো লিবারেলদের জন্য রাজনৈতিক ময়দানে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।
এদিকে, তার পদত্যাগের কারণে দ্রুত নির্বাচনের আহ্বান জানানো হতে পারে বলেও আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে কানাডার রাজনীতিতে ট্রুডোর পদত্যাগের বিষয়টি এক অনিশ্চয়তার মেঘ তৈরি করেছে।
