আন্তর্জাতিক ডেস্ক:
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে, যা এখনো চলমান। এর প্রভাব পড়েছে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তির ক্ষেত্রেও। বর্তমানে বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস খুবই সীমিত পরিসরে ভিসা কার্যক্রম পরিচালনা করছে।
এ অবস্থায় ভারত ভ্রমণে বাংলাদেশি রোগীরা যেমন ভোগান্তিতে পড়েছেন, তেমনই ভারতের চিকিৎসা খাতও সংকটের মুখে পড়েছে। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভারতে ৫০ শতাংশেরও বেশি বিদেশি রোগী কমে গেছে।
প্রতি বছর ভারতের বিভিন্ন হাসপাতালে গড়ে ২০ লাখ বিদেশি রোগী চিকিৎসা নিতে আসেন, যার ৬০ শতাংশই বাংলাদেশি। তবে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বাংলাদেশি রোগীর সংখ্যা ৮০ শতাংশ কমে গেছে। এই অভাবের ফলে ভারতের মেডিকেল ট্যুরিজম খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
২০২৩ সালে ভারতের মেডিকেল ট্যুরিজম খাত থেকে আয় হয়েছিল প্রায় ৯০০ কোটি মার্কিন ডলার (৭৭ হাজার ১৮৯ কোটি রুপি)। এটি ভারতের অর্থনীতিতে একটি বড় অবদান রাখত। কিন্তু বর্তমানে বাংলাদেশি রোগী আসা কমে যাওয়ায় কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই ও ভেলোরের বড় হাসপাতালগুলো চরম সংকটে পড়েছে।
শেখ হাসিনার সরকারের পতনের আগে বাংলাদেশে ভারতের পাঁচটি ভিসা কেন্দ্রে প্রতিদিন ৭ হাজার অনলাইন ভিসার স্লট বরাদ্দ ছিল। বর্তমানে এই সংখ্যা মাত্র ৫০০-তে নামিয়ে আনা হয়েছে।
কলকাতার ৫০০ শয্যাবিশিষ্ট মাল্টি-স্পেশালিটি পিয়ারলেস হাসপাতালে আগে প্রতিদিন গড়ে ১৫০ জন বাংলাদেশি রোগী চিকিৎসা নিতেন। এখন এই সংখ্যা নেমে এসেছে মাত্র ৩০ জনে। বেঙ্গালুরুর নারায়ণ হেলথ, চেন্নাইয়ের অ্যাপোলো এবং ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজও বাংলাদেশি রোগীর অভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
ভারতের স্বাস্থ্যসেবা অ্যাসোসিয়েশনের আলেকজান্ডার থমাস এই সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভিসা জটিলতার কারণে চিকিৎসা খাতে যে ক্ষতি হচ্ছে, তা দীর্ঘমেয়াদে আরও বাড়তে পারে। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং ভিসা সঙ্কট সমাধান ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়।
