নিউজ ডেস্ক:
তদন্ত কমিটি বলছে, ব্যক্তির সংশ্লিষ্টতা নেই
সচিবালয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি। বৈদ্যুতিক তারের দুর্বল সংযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তদন্ত কমিটির সদস্যরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, “তদন্ত কমিটি আগুন লাগার ঘটনায় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পায়নি। বৈদ্যুতিক লুজ কানেকশন থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।”
তদন্ত কমিটির সদস্য বুয়েটের অধ্যাপক ড. মাকসুদ হেলালী বলেন, “আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রচুর ধোঁয়া তৈরি হয় এবং তা সচিবালয়ের একটি টানেলের মাধ্যমে পশ্চিম দিকে বের হয়ে যায়। ফলে আপাতদৃষ্টিতে মনে হয়েছে, আগুন দুটি স্থানে লেগেছে। কিন্তু বাস্তবে সোর্স একটাই।”
বাংলাদেশ সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল বলেন, “ডগ স্কোয়াডসহ বিভিন্নভাবে পরীক্ষা করেছি। কোনো ধরনের বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি।”
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, সচিবালয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি ছিল। তিনি আরও বলেন, “ইন্টেরিয়র ডিজাইনের সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।”
