বান্দরবান প্রতিনিধি;
বান্দরবান শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল ফারুক ইনস্টিটিউটের ৩৫ বছর পূর্তি ও প্রথম পুনর্মিলনী গত ২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফারুক-ই-আজম ট্রাস্টের চেয়ারম্যান এসএম আব্দুছ ছালাম আজাদ।
সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রিয় প্রতিষ্ঠানের প্রাঙ্গণ এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিন পর শিক্ষার্থীরা তাদের স্মৃতি রোমন্থন করেন এবং আনন্দ ভাগাভাগি করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২১ সদস্য বিশিষ্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন ফয়সাল বিন মাহবুব (২০০৪ ব্যাচ) এবং সাধারণ সম্পাদক জিলহাজ উদ্দিন জেকি (২০১০ ব্যাচ)।নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত আল ফারুক ইনস্টিটিউট শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষাপ্রাপ্তরা দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। ৩৫ বছরের এই গৌরবময় যাত্রা ভবিষ্যতের আরও সাফল্যের দিকনির্দেশনা বহন করছে।
অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, ইসলামী ব্যাংক পিএলসি, এমআর কালার সলিউশন, হিলস ডাইন এবং ইল্যুশন ওয়েব স্টুডিও।
