থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বিজয়ের মাস উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় শীতবস্ত্র, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের বাশিরামপাড়ায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির আওতায় সাউন্ড স্পিকার, স্কুল শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, শীতবস্ত্র এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
দি ম্যাজেস্টিক টাইগার্স এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন, বিএসপি, পিএসসি ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে পাড়াবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সহায়তা সামগ্রী বিতরণ করেন। এ সময় সেনা সাবজোন কমান্ডার, মেডিকেল অফিসার ক্যাপ্টেন সালমান মেহেদি হাসান অকন এবং সামরিক-বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
সহায়তা পেয়ে পাড়াবাসীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “সেনাবাহিনীর সেবা ও সহযোগিতা আমাদের পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে সুন্দরভাবে জীবনযাপনে সহায়ক হবে। আমরা সেনাবাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”
পাড়া পরিদর্শনের সময় ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক বলেন, “সেনাবাহিনী সবসময় সাধারণ জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
এই উদ্যোগ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পাহাড়ি অঞ্চলের মানুষের প্রতি তাদের দায়িত্বশীল ভূমিকার উজ্জ্বল উদাহরণ।
