৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ের আগুন

নিউজ ডেস্ক:

ঢাকা, ২৬ ডিসেম্বর: রাজধানীর সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ থেকে ১০ তলা পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে শুরু হওয়া এ আগুন বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ঘটনায় সোহানুর রহমান নয়ন নামে একজন ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে আরও ঘণ্টাখানেক সময় লাগতে পারে।

ক্ষতিগ্রস্ত ভবনটিতে অর্থ, শ্রম ও সড়ক পরিবহন, ডাক ও টেলিযোগাযোগ এবং যুব মন্ত্রণালয়ের অফিস রয়েছে। এখন পর্যন্ত আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত থেকে তৎপর রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।