জেলাপরিষদ চেয়ারম্যানকে চাঁদা দাবি ও হত্যার হুমকি, থানায় জিডি

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান জেলাপরিষদ চেয়ারম্যান অধ্যাপক থান জামা লুসাইকে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে একটি অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে অটল তংচংগ্যা বা চাকমা নামের এক ব্যক্তি চাঁদা দাবি করেন।

চেয়ারম্যান থান জামা লুসাই বলেন, “ফোনে ব্যক্তি নিজেকে অটল তংচংগ্যা বলে পরিচয় দিয়ে টাকা দাবি করে। আমি তাকে অফিসে এসে কাগজে লিখে দিয়ে টাকা নিতে বলি। কিন্তু সে বিকাশে টাকা পাঠানোর দাবি জানায়। আমি বিকাশে টাকা দেয়ার উৎস সম্পর্কে জানতে চাইলে সে উত্তেজিত হয়ে উল্টো কথা বলে ফোন কেটে দেয়। পরবর্তীতে আমি ওই নাম্বার উল্লেখ করে থানায় একটি জিডি করি।”

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ মাসুদ বলেন, “জেলাপরিষদ চেয়ারম্যানকে হুমকি দেয়ার অভিযোগটি আমরা জিডি হিসেবে গ্রহণ করেছি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।”

এই ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে।