ঢাবি শিক্ষার্থী ও ছাত্র আন্দোলনের সংগঠক খালিদ হাসান তিন দিন ধরে নিখোঁজ

নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খালিদ হাসান তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্য ও সহপাঠীরা জানান, গত শনিবার বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সিসিটিভি ফুটেজে সর্বশেষ দেখা যায়, গত শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে ঢাবির দোয়েল চত্বরে ছিলেন তিনি। এরপর থেকে তার কোনো সন্ধান মেলেনি। খালিদের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়।

এ ঘটনার প্রতিবাদ ও খালিদের দ্রুত সন্ধানের দাবিতে সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেছেন আরবি বিভাগের শিক্ষার্থীরা।

মানববন্ধনে খালিদের বাবা লুৎফর রহমান বলেন, “আমার ছেলে বেঁচে আছে কি না, আমি জানি না। দিনরাত বিভিন্ন অফিসে দৌড়াচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সে যে অবস্থায়ই থাকুক, তাকে উদ্ধার করা হোক।”

আরবি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, “খালিদ সাম্প্রতিক আন্দোলনে সক্রিয় ছিল। এর আগেও আন্দোলনকারীদের ওপর হামলা হয়েছে। আমরা খালিদের নিরাপদে ফেরত চাই।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সরদার নাদিম শুভ বলেন, “খালিদ ৭২ ঘণ্টা ধরে নিখোঁজ, অথচ পুলিশ বা গোয়েন্দা সংস্থা থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জার বিষয়।”

খালিদের পরিবার ও সহপাঠীরা তার সন্ধানে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সুত্র:দ্যা ডেইলি কেম্পাস