জাগ্রত পাহাড় ডেস্ক:
২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালিত হয় উপজেলা সদরের ZAC এবং ঘুনধুম ইউনিয়নের KRE নামক ইটভাটায়।
অভিযানকালে ZAC ইটভাটায় কোনো কার্যক্রম পরিলক্ষিত না হলেও, KRE ইটভাটায় ইট প্রস্তুতির প্রাথমিক কার্যক্রম চলছিল। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। এছাড়া কাঁচা ইট ধ্বংস করে ইট তৈরির যন্ত্রপাতি জব্দ করা হয়। কার্যক্রম বন্ধ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ইটভাটাটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয় জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ।
এ ধরনের তৎপরতায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।