হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দি। সম্প্রতি, কারাগার থেকে তার পরিবারের উদ্দেশে লেখা দুটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তার ইংল্যান্ডপ্রবাসী ভাই। একটি চিঠি তার মাকে, আরেকটি ভাই-বোন ও ভগ্নিপতিদের উদ্দেশে লেখা।
মাকে উদ্দেশ করে ব্যারিস্টার সুমনের চিঠি:
মায়ের কাছে লেখা চিঠিতে সুমন তার মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লেখেন,
“আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নিয়মিত নামাজ ও কোরআন পড়ছি। সারা জীবন আপনাকে কষ্ট দিয়েছি। আজও আপনারই টাকায় পরিবারের খরচ চলছে। এ বয়সে আপনাকে আমার সেবা করার কথা, কিন্তু বরং আপনিই আমাদের দেখভাল করছেন। আপনার জন্য আল্লাহর কাছে সুস্থ ও দীর্ঘ জীবনের দোয়া চাই।”
ভাই-বোনদের উদ্দেশে বার্তা:
ভাই-বোনদের উদ্দেশে সুমন লিখেছেন,
“আমি রাজবন্দি হিসেবে কারাগারে আছি, কোনো চোর বা দুর্নীতিবাজ হিসেবে নয়। আমার কারণে তোমাদের অসম্মান হোক, তা কখনো চাইনি। অনেকে প্রশ্ন করে, দীর্ঘদিন জেলে থেকে কীভাবে খরচ চালাব? আমি উত্তর দিই—আমার পাঁচ বোন আর এক ভাইই আমার বড় সম্পদ। শুধু জেলে নয়, পৃথিবীতেও না থাকলেও আমি নিশ্চিত, তোমরা আমার পরিবারের সেরা অভিভাবক হবে।”