জাগ্রত পাহাড় ডেস্ক:
ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৪: মহান বিজয় দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম এবং ডাটাকার্ড অবমুক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এসব স্মারক সামগ্রী উন্মোচন করেন তিনি।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস.এম. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।
উপদেষ্টা নাহিদ ইসলাম এ উপলক্ষে প্রধান উপদেষ্টাকে একটি স্মারক ডাক বাক্স এবং ‘ন্যাচারাল বিউটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ’ শীর্ষক একটি বই উপহার দেন।
জাতির গৌরবময় বিজয় দিবস উদযাপন উপলক্ষে ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত এসব সামগ্রী দেশপ্রেম ও জাতীয় চেতনা জাগ্রত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।