আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) ভারতসহ আরও ছয়টি দেশকে ‘অসহযোগী’ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই তালিকার দেশগুলোকে মার্কিন কর্তৃপক্ষ প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা না করার অভিযোগে চিহ্নিত করেছে। ভারত ছাড়াও তালিকায় রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলা।
আইসিই জানিয়েছে, এসব দেশ তাদের নাগরিকদের ফেরত নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ভ্রমণ নথি ইস্যু, সাক্ষাৎকার গ্রহণ এবং নির্ধারিত ফ্লাইটে ফেরার প্রক্রিয়ায় সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৪ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১৮ হাজার ভারতীয় রয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালানোর সময় প্রায় ৯০ হাজার ভারতীয়কে আটক করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এদের মধ্যে অধিকাংশ পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্র প্রদেশের বাসিন্দা।
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সংখ্যার দিক থেকে ভারত ১৩তম স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে হন্ডুরাস (২ লাখ ৬১ হাজার) এবং গুয়াতেমালা (২ লাখ ৫৩ হাজার)। এশিয়ার মধ্যে চীন রয়েছে শীর্ষে, যেখানে অবৈধ অভিবাসীর সংখ্যা প্রায় ৩৮ হাজার।
অনেক ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে বৈধতার আবেদন করলেও, প্রক্রিয়াটি অত্যন্ত সময়সাপেক্ষ। আবেদন নিষ্পত্তিতে দুই থেকে তিন বছর সময় লেগে যায়।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, অভিবাসন নীতি কঠোর করা হবে। এতে করে বড় পরিসরে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কের জন্য চ্যালেঞ্জ হতে পারে।
যুক্তরাষ্ট্রের এমন অবস্থান ভারত-মার্কিন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। তবে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে এই ইস্যুর সমাধান নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
