জাগ্রত পাহাড় ডেস্ক ::
বাংলাদেশ পুলিশের দুই নবীন কর্মকর্তা এএসপি মো. মোহাইমিনুল হক ও এএসপি এইচ এম গোলাম রাব্বি সফলতার সাথে ‘এভিয়েশন বেসিক কোর্স-১৩’ সম্পন্ন করেছেন। এ উপলক্ষে আজ বুধবার আর্মি এভিয়েশন স্কুলে একটি সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। তিনি নবীন বৈমানিকদের হাতে সনদপত্র তুলে দেন এবং ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম। এছাড়াও উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের আওতাধীন এভিয়েশন স্কুলের তত্ত্বাবধানে আয়োজিত এই কোর্সে সেনাবাহিনীর ১৮ জন, নৌবাহিনীর ৪ জন এবং পুলিশের ২ জন নবীন অফিসারসহ মোট ২৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করেন।
এই অর্জন বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশের মধ্যে সহযোগিতার উজ্জ্বল উদাহরণ।
