নিউজ ডেস্ক:
কলকাতা তথা পশ্চিমবঙ্গের ব্যবসায়ী মহল এখন তাকিয়ে রয়েছে ভারত-বাংলাদেশের দুই পররাষ্ট্র সচিবের গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে। শনিবার (৭ ডিসেম্বর) কলকাতার মাকোষ্ঠীতে হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের এক আলোচনাসভায় উঠে আসে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের বাণিজ্যিক প্রভাব।
উপস্থিত ব্যবসায়ীরা জানান, চলমান অচলাবস্থার কারণে শুধু হোটেল ব্যবসাই নয়, বৈদেশিক মুদ্রা বিনিময় ও পর্যটন শিল্পেও এর বিরূপ প্রভাব পড়ছে। পর্যটনের প্রধান মৌসুম ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই সময়ে বাণিজ্যিক কর্মকাণ্ডে যে সজীবতা থাকার কথা, তা অনিশ্চয়তার মুখে পড়েছে।
কূটনৈতিক তিক্ততার জেরে হোটেল পরিবহন পরিষেবা, বৈদেশিক মুদ্রা লেনদেন এবং পর্যটনশিল্পের পাশাপাশি চিকিৎসা ও শিক্ষাখাতেও প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে দুর্বৃত্তদের হামলার পর থেকেই দিল্লি-ঢাকা সম্পর্কের অবনতি ঘটে। সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহের আলোকে ভারতের পররাষ্ট্র সচিব আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন।
কলকাতার ব্যবসায়ীরা দুই দেশের সরকারকে এই সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা নিতে আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সম্পর্কের উন্নয়ন না হলে বাণিজ্য ও পর্যটন শিল্পে বড় ধরনের ক্ষতি হতে পারে, যা দুই দেশের আর্থিক সহযোগিতার জন্য হতাশাজনক হবে।
সংবাদদাতা: মিনহাজুল ইসলাম