চেন্নাইয়ে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ, ৫০০ জন গ্রেফতার

জাগ্রত পাহাড় ডেস্ক:

ভারতের চেন্নাইয়ে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে আয়োজিত বিক্ষোভ থেকে পুলিশ শতাধিক নারীসহ প্রায় ৫০০ জনকে গ্রেফতার করেছে। বুধবার চেন্নাইয়ের রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভের নেতৃত্ব দেন হিন্দু মুননানি সংগঠক রাজু। এতে অংশ নেন সাবেক গভর্নর তামিলিসাই সৌন্দরারাজন, আরএসএস কর্মকর্তা কেশব বিনায়াগম এবং বিজেপি নেতা কারু নাগরাজন ও ভিপি দুরাইসামি। বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার জোর দাবি তোলেন।

বিক্ষোভ শেষে তারা আন্না সালাইয়ের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের রাজা রথিনাম স্টেডিয়াম থেকে পুলিশ ভ্যান ও এমটিসি বাসের মাধ্যমে সরিয়ে আনা হয়। তাদের মধ্যে কিছুজনকে আন্না অডিটোরিয়ামে এবং বাকিদের পেরিয়ামেটের একটি কর্পোরেশন কমিউনিটি হলে আটক রাখা হয়।

ইগমোর পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়া বিক্ষোভ আয়োজনের অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিক্ষোভের কারণে রুকমণি লক্ষ্মীপতি সলাইয়ের যান চলাচল বন্ধ ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে ১৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এছাড়া সড়কের চারপাশে ব্যারিকেড বসিয়ে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে রাখা হয়।

(সূত্র: টাইমস অব ইন্ডিয়া)