নিউজ ডেস্ক:
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সম্প্রতি ইসকন (আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘ) নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন মহল থেকে উঠা আলোচনার বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, এ নিয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, “ব্যক্তির অপরাধের জন্য কোনো সংস্থাকে দায়ী করা উচিত নয়। কোনো সংস্থা নিষিদ্ধ করার বিষয়ে সরকারের মধ্যে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।”
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, “সব সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে হওয়া উচিত। ছোটখাটো বিষয় নিয়ে রাস্তায় নামার প্রয়োজন নেই।”
এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “কোনো সংগঠন নিষিদ্ধ করার মতো বিষয় তদন্তসাপেক্ষ। সুষ্ঠু তদন্তের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সরকার সংস্কারের কাজ সম্পন্ন হওয়ার পর নির্বাচন দিতে আগ্রহী। তবে এ বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।”
