নিউজ ডেস্ক::
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনঃপ্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৮ নভেম্বর) পিএসসি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে ২০২৪ তারিখে প্রকাশিত হয়, যেখানে ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। তবে ফলাফলে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের জন্য নতুন করে আরও সমসংখ্যক প্রার্থীকে যোগ্য বিবেচনা করে ফলাফল পুনঃপ্রকাশ করা হবে।
এদিকে, ৪৪তম বিসিএসের ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করেছে পিএসসি। বাকি ১১ হাজার ৭৩২ প্রার্থীর মৌখিক পরীক্ষা শিগগিরই শুরু হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ জুলাই পর্যন্ত ৩ হাজার ৯৩০ প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তবে সমমান বজায় রাখার স্বার্থে এটি বাতিল করে নতুন করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর (১১ হাজার ৭৩২ জন) মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন পরীক্ষার তারিখ খুব দ্রুত জানানো হবে।
পিএসসির এ সিদ্ধান্ত পরীক্ষার্থীদের জন্য নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
