নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

নিউজ ডেস্ক::

ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মো. ফাওজুল কবির খান, ভারতের বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল এবং নেপালের জ্বালানিমন্ত্রী দীপক খাডকা উপস্থিত ছিলেন।

ভারতের সরকারের বিবৃতিতে জানানো হয়, নেপালের জ্বালানি, জলসম্পদ ও সেচ মন্ত্রণালয়ের আয়োজনে এই ভার্চুয়াল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চলতি বছরের মে-জুনে নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল প্রচণ্ডের ভারত সফরের সময় নেপাল-ভারত-বাংলাদেশের মধ্যে জলবিদ্যুৎ সরবরাহের বিষয়ে ত্রিপাক্ষিক চুক্তির ঘোষণা করা হয়। পরে গত ৩ অক্টোবর এই চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নেপাল ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশে উদ্বৃত্ত জলবিদ্যুৎ রপ্তানি করবে। প্রথম ধাপে নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৪ সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে সাত টাকা।

ভারত সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে আঞ্চলিক বিদ্যুৎ খাতে সহযোগিতা বৃদ্ধি পাবে।