অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের মধ্যে কপ-২৯ বৈশ্বিক জলবায়ু সম্মেলনের ফাঁকে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে এই বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন ড. ইউনূস। তিনি শ্রম ইস্যুকে দেশের শীর্ষ অগ্রাধিকারের বিষয় হিসেবে উল্লেখ করেন এবং সকল শ্রম সমস্যার সমাধানে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ড. ইউনূস বৈঠকের সময় থেরেসা মের হাতে একটি বই তুলে দেন, যেখানে জুলাই-আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশি তরুণদের আঁকা গ্রাফিতি ও ম্যুরালের ছবি রয়েছে।
এছাড়াও, বৈঠকে মানব পাচার ও অভিবাসন ইস্যু নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস ইউরোপে বাংলাদেশের আইনি অভিবাসন বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এটি অনিয়মিত অভিবাসন ও মানব পাচারের বিরুদ্ধে একটি কার্যকর পদক্ষেপ হতে পারে। থেরেসা মে এ বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এ বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী, সিনিয়র সচিব ও এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং আজারবাইজানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আনামুল হকও উপস্থিত ছিলেন।
এর আগে, ড. ইউনূস আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
