বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর একটি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে মুনলাই পাড়ার গভীর পাহাড়ে এই অভিযান পরিচালিত হয়, যেখানে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর সূত্র জানায়, কেএনএফ সন্ত্রাসীরা মুনলাই পাড়ার একটি দুর্গম এলাকায় অবস্থান করছে—এমন খবর পেয়ে রুমা জোনের বেশ কয়েকটি টহল দল এলাকাটি ঘিরে ফেলে এবং অভিযান চালায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে কেএনএফ-এর ফেলে যাওয়া অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ওয়াকি টকি সেট, ইউনিফর্মসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, কেএনএফ দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র তৎপরতা চালাচ্ছিল। সেনাবাহিনীর এই পদক্ষেপে তাদের অবৈধ কার্যকলাপে বড় আঘাত হানা হয়েছে, যা স্থানীয় জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
