জাগ্রত পাহাড় ডেস্ক:
বাংলাদেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন রয়েছে। আগামী তিন মাস ধরে দেশের প্রতিটি ইউনিয়নে কৃষক দলের নেতৃত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে কৃষি সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে। পরবর্তীতে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনের পর কৃষকদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সম্প্রতি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষক দলের কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবার শুরু হবে, যাতে কৃষকদের পানির সুবিধা বাড়ে এবং ফসল উৎপাদন বৃদ্ধি পায়। খাল খননের মাধ্যমে পানির সংকট মোকাবিলায় এবং মাটির নিচের পানি ব্যবহারের পরিমাণ কমাতে এ উদ্যোগ কার্যকর হবে বলে তারেক রহমান উল্লেখ করেন।
কৃষকবান্ধব সরকার গঠন করার অঙ্গীকার করে তারেক রহমান বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামলে সবসময় কৃষকদের সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে। খালেদা জিয়ার শাসনামলে কৃষকদের ঋণ মওকুফ করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় এলে কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে।
স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বাজার সিন্ডিকেট ভাঙা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে তারেক রহমান মন্তব্য করেন।
