আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রথম দিনেই অভিবাসন ও সীমান্ত নিরাপত্তায় কঠোর নির্বাহী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তার এই পদক্ষেপের মাধ্যমে কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তারা অভিবাসীদের আটক ও গ্রেপ্তারের ক্ষমতা পেতে পারেন, এবং মেক্সিকো সীমান্তে সেনা বাড়ানো ও দেয়াল নির্মাণের কাজও পুনরায় শুরু হতে পারে।
সম্প্রতি বাইডেন প্রশাসনের অধীনে মানবিক কর্মসূচির আওতায় বহু অভিবাসী বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছিল, যা ট্রাম্প বন্ধ করতে পারেন। পাশাপাশি নির্দিষ্ট মেয়াদ শেষের পরও যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরত যেতে উৎসাহিত করার পরিকল্পনাও রয়েছে।
ট্রাম্পের অভিবাসন নীতি বাস্তবায়নে তার প্রথম মেয়াদের নীতিনির্ধারক স্টিফেন মিলার ‘ডেপুটি চিফ অব স্টাফ ফর পলিসি’ হিসেবে ফিরে আসবেন। নতুন দায়িত্বপ্রাপ্ত টম হোম্যান জানিয়েছেন, ফিলিস্তিনপন্থী ও স্টুডেন্ট ভিসা শর্ত ভঙ্গকারী শিক্ষার্থীদেরও টার্গেট করা হবে। তিনি জানান, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য সামরিক বিমান ব্যবহারের কথাও ভাবা হচ্ছে।
প্রথমদিনে ট্রাম্প অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কারের নির্দেশ দিতে পারেন। ট্রাম্পের এই উদ্যোগে আইনি চ্যালেঞ্জের সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
