আন্তর্জাতিক:
গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা ইসরায়েলের অন্তত ২০ জন সেনাকে হত্যা করেছে। ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের এক বিবৃতিতে জানানো হয়েছে, গাজার উত্তরাঞ্চলে সোমবার (১১ নভেম্বর) দিনের শুরুতে হামলায় পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
এর আগের দিন, রোববার গাজার যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে আরও ১৫ জন ইসরায়েলি সেনার মৃত্যু হয়। যদিও ইসরায়েল সরকার কেবল চারজন স্টাফ সার্জেন্ট সেনা সদস্য নিহতের বিষয়টি স্বীকার করেছে। হামাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে গুণগত আক্রমণ চালিয়ে যাচ্ছে হামাস, যা ইসরায়েলি সেনাবাহিনীর ব্যর্থতাকে প্রকাশ্যে তুলে ধরছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে আরও চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
