গাজায় চলমান সামরিক অভিযান এবং হাজার-হাজার ফিলিস্তিনিকে হত্যার নির্দেশের কারণে বিশ্বজুড়ে সমালোচনার মুখে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকে বেশিরভাগ সময় তিনি কাটাচ্ছেন ভূগর্ভস্থ বাংকারে, সেখানেই সারছেন অফিসের আনুষ্ঠানিক কার্যক্রম। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
টাইমস অব ইসরায়েলের বরাতে জানা যায়, সম্প্রতি ইসরায়েলের সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে একটি ড্রোন আঘাত হানে, যা তার শোবার ঘরের জানালায় আঘাত করে আংশিক ক্ষতি সাধন করে। হামলার সময় নেতানিয়াহু বাসায় না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও নিরাপত্তা নিয়ে তার উদ্বেগ বেড়েছে। এ ঘটনার পর থেকেই তিনি দিনের বড় অংশ কাটাচ্ছেন ভূগর্ভস্থ নিরাপদ কক্ষে।
চ্যানেল-টুয়েলভের বরাতে আরও জানা যায়, নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে নেতানিয়াহু এখন নিয়মিত যেসব জায়গায় যেতেন, সেগুলোও এড়িয়ে চলছেন। তার নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রিসভার বৈঠকের স্থান পরিবর্তন করা হয়েছে এবং তার বিরুদ্ধে চলমান মামলার সাক্ষ্যগ্রহণের সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে। এমনকি নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ছোট ছেলে আভনের বিয়ের তারিখও পেছানো হয়েছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, নিরাপত্তার বিষয়টি বর্তমানে নেতানিয়াহুর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
