নিউজ ডেস্ক:
কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল মতিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামে তার স্ত্রীর নামে কেনা একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আব্দুল মতিন (৫০) বরিশালের মেহেন্দিগঞ্জ থানার চর খাকাকাটা গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবেও কর্মরত ছিলেন।
সূত্র জানায়, রোববার বিকাল ৫টায় আব্দুল মতিন ওই বাড়িতে অবস্থান করছেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে। পরবর্তীতে তার অবস্থান নিশ্চিত করার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হোসাইন জানান, ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন। তাকে থানায় রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।