নিউজ ডেস্ক:
ঢাকা, ১১ নভেম্বর ২০২৪: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ সোমবার দেশটিতে যাচ্ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ সম্মেলনে জলবায়ুজনিত ক্ষতির দিকটি তুলে ধরবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় সফরে আজারবাইজানে থাকবেন। এই সফরে তিনি কপ-২৯ সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য রাখবেন এবং অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতির বিষয়টিও বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন তিনি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর এটি ড. ইউনূসের দ্বিতীয় আন্তর্জাতিক সফর।