গুলিস্তানে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত

নিউজ ডেস্ক:

রাজধানী ঢাকার গুলিস্তানে আজ রোববার (১০ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে একটি গণজমায়েত অনুষ্ঠিত হবে। আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ শনিবার রাতে ফেসবুকে একটি পোস্টে এ ঘোষণা দেন। তিনি জানান, পতিত স্বৈরাচারী সরকারের বিচারের দাবিতে দুপুর ১২টায় গুলিস্তান জিরো পয়েন্টে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে।

হাসনাত আরও জানান, গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হবে। দেশের প্রতিটি জেলায় একইভাবে এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনদুর্ভোগ ও সহিংসতা এড়াতে সতর্ক থাকতে হবে। একইসাথে তিনি বলেন, “লীগের সন্ত্রাসীরা ছদ্মবেশে এসে ভাঙচুর বা অগ্নিসংযোগ করে ছাত্র-জনতার ওপর দোষ চাপাতে চাইবে। কোনো সন্ত্রাসীকে পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দিতে হবে।”

জানা যায়, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আজ আওয়ামী লীগও একই সময়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে, যার পাল্টা কর্মসূচি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ গণজমায়েতের আয়োজন করেছে।