বেকারত্ব দুর্নীতি বৈষম্যের কারণে দেশে থাকতে চায় না বাংলাদেশী তরুণরা

বাংলাদেশে তরুণ প্রজন্মের মধ্যে দেশ নিয়ে গর্ব ও আশাবাদের প্রবণতা ক্রমেই কমে যাচ্ছে। ব্রিটিশ কাউন্সিলের ‘নেক্সট জেনারেশন বাংলাদেশ’-এর তৃতীয় সিরিজের গবেষণা প্রতিবেদনে উঠে আসা তথ্যে জানা যায়, দেশের ৪২ শতাংশ তরুণ বেকারত্ব নিয়ে উদ্বিগ্ন, আর ৫৫ শতাংশ তরুণ উচ্চশিক্ষা ও চাকরির প্রয়োজনে বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

গবেষণায় ১৮ থেকে ৩৫ বছর বয়সি তিন হাজার ৮১ জন তরুণ-তরুণীর সাক্ষাৎকার নেওয়া হয়। এতে দেখা যায়, বেকারত্বের কারণে দেশের বিপুল সংখ্যক তরুণ অপরাধের দিকে ঝুঁকছে। বিশেষত সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা ৬৯ শতাংশ তরুণ চাকরি ও প্রশিক্ষণ না পেয়ে হতাশায় ভুগছে।

বিদেশ গমনের ক্ষেত্রে, সৌদি আরব, কানাডা এবং অস্ট্রেলিয়া তরুণদের প্রিয় গন্তব্য। ২৭ শতাংশ তরুণ সৌদি আরবে, ১৮ শতাংশ কানাডায়, এবং ১৩ শতাংশ অস্ট্রেলিয়ায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। দক্ষতার দিক থেকে পিছিয়ে থাকা তরুণরা মূলত সৌদি আরবে যেতে আগ্রহী হলেও, উচ্চশিক্ষার ক্ষেত্রে তরুণদের মধ্যে কানাডা ও অস্ট্রেলিয়ার চাহিদা বেশি।

বাংলাদেশে পর্যাপ্ত চাকরির সুযোগ না থাকায় অনেক তরুণ অনানুষ্ঠানিক কর্মসংস্থানের দিকে ঝুঁকছে।