দেশের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম প্রথম আলো ২৬ বছরে পদার্পণ করেছে। এই প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বান্দরবানে প্রথম আলো বন্ধুসভা আয়োজন করেছিল এক বিশেষ অনুষ্ঠান, যার শিরোনাম ছিল “সত্যে তথ্যে ২৬”। বন্ধুসভার এ আয়োজনটি তরুণ সমাজের মধ্যে মানবিক মূল্যবোধ সঞ্চারের একটি প্রশংসনীয় প্রচেষ্টা। অনুষ্ঠানে বান্দরবানের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে তাদের সান্নিধ্য দিয়ে অনুষ্ঠানটিকে সার্থক ও অর্থবহ করে তুলেছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব থোয়াই চিং প্রু নিলু এবং চথুইপ্রু মার্মা, যারা বান্দরবানের সাংস্কৃতিক জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও ছিলেন কবি ও শিক্ষক ইয়াকুব আলী এবং বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক দিলীপ কুমার নাথ, যাদের উপস্থিতি অনুষ্ঠানে শিক্ষার ভাবনা ও প্রেরণাকে আরও শক্তিশালী করে তোলে।
দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং মার্মা এবং বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দীনও অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া বান্দরবান সরকারি কলেজের প্রভাষক মেহেদী হাসান এবং বম সোস্যাল কমিটির সভাপতি লাল জার বমও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রথম আলো বান্দরবানের প্রতিনিধি বুদ্ধজ্যেতি চাকমা। তিনি প্রথম আলোর দীর্ঘ ২৬ বছরের পথচলা, তরুণদের উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা এবং বন্ধুসভার কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রথম আলো বন্ধুসভা বান্দরবানের সভাপতি বিশ্বজিৎ দাশ (বাপ্পা), যিনি বন্ধুসভার কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিত সবাইকে অবহিত করেন।
প্রথম আলো বন্ধুসভার এই আয়োজনটি তরুণ সমাজের মাঝে দেশপ্রেম, সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার উদ্দেশ্যে আয়োজন করা হয়। সাহিত্য, সংস্কৃতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের চর্চার মাধ্যমে তরুণদের নৈতিক ও মানবিকভাবে গড়ে তোলার লক্ষ্যে বন্ধুসভা নিরলসভাবে কাজ করে চলেছে। এই অনুষ্ঠানের মাধ্যমে বন্ধুসভা প্রমাণ করেছে যে, তারা তরুণদের সঠিক দিকনির্দেশনা দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর সমাজ গঠনে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানের বন্ধুসভার এ আয়োজন তরুণ সমাজকে অনুপ্রাণিত করেছে, যা তাদের আগামী দিনের পথচলায় একটি ইতিবাচক প্রভাব ফেলবে।
