নিউজ ডেস্ক:
চট্টগ্রামের হাজারী গলিতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যৌথ বাহিনীর ১৩ জন সদস্য আহত হয়েছেন। সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করেছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “সংঘর্ষের পর যৌথ বাহিনীর অভিযানে ৫০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন এবং তাদের সম্পর্কে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।”
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত হাজারী গলিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, স্থানীয় এক ব্যবসায়ীর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনীকে মাঠে নামানো হয়।
আজ বুধবার দুপুর ১২টায় এ বিষয়ে বিস্তারিত জানাতে সিএমপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
