নিউজ ডেস্ক:
ঢাকা, ৫ নভেম্বর – রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত অতিথি ও প্রতিনিধিদের সমাগম ঘটে। এ সমাবেশের প্রভাব পড়েছে ক্যাম্পাসের বিভিন্ন স্থান, বিশেষ করে হল, ক্যান্টিন ও বিভিন্ন চত্বরে। এতে ক্যাম্পাসজুড়ে বেশ কিছু আবর্জনার স্তূপ দেখা যায়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়।
তবে সমাবেশ শেষে অতিথি ও প্রতিনিধিরা ক্যাম্পাস পরিচ্ছন্নতায় অংশ নেন। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শেষে তারা ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় পড়ে থাকা পলিথিন, কাগজ ও বোতলসহ অন্যান্য আবর্জনা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেন।
পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী এক প্রতিনিধি জানান, “সম্মেলনে বিপুল সংখ্যক লোকসমাগম হওয়ায় প্রাথমিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হয়নি। তবে এখন আমরা দায়িত্ব নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার করছি।”
‘দ্য বিউটি অব ডিইউ ক্যাম্পাস’ নামের একটি ফেসবুক পেজ থেকে সেন্ট্রাল লাইব্রেরি, টি.এস.সি., কলাভবন, ও কার্জনহলসহ ক্যাম্পাসের আশেপাশের এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার ছবি পোস্ট করা হয়। এতে বলা হয়, এই উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবলিগের সাথীরা যুক্ত রয়েছেন।
একটি পোস্টের মন্তব্যে ঢাবির সাবেক ছাত্র মাসুদ হাসান বলেন, “এগুলো অনেকের চোখে পড়বে না।” হাবিবুর রহমান জুয়েল নামের আরেকজন মন্তব্য করেন, “আলেমরা বিশৃঙ্খলা করেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের ইমানের অংশ।”
উল্লেখ্য, সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার সকালে শুরু হওয়া এই মহাসম্মেলনে যোগ দিতে রাত থেকেই আলেম-ওলামাদের সমাগম ঘটে। ‘দাওয়াত ও তবলিগ, কওমি মাদ্রাসা ও দ্বীনের হেফাজতের লক্ষ্যে’ আয়োজিত এই সম্মেলন চলাকালীন অতিথিরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রবেশ করেন।
