রুমা প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলার থানা পাড়া বৌদ্ধ বিহারে যাওয়ার রাস্তা নিম্নমানের ইট ও বালু বিহীনভাবে নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এই ২০০ মিটার এইচবিবি রাস্তায় ৩ ইঞ্চি বালু ব্যবহারের শর্ত থাকলেও, তা উপেক্ষা করে নিম্নমানের ইট ব্যবহার করে রাস্তা নির্মাণের চেষ্টা করা হয়।
গণমাধ্যমের একটি টিম সরেজমিন পরিদর্শনে গেলে দেখা যায়, লাইসেন্স চৌধুরী এন্ড ব্রাদার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠানটি, রুমা শ্রমিক দলের সভাপতি আবু মোতালেবের তত্ত্বাবধানে, বালু বিহীন ইট ব্যবহার করে রাস্তার কাজ সমাপ্তির চেষ্টা করছে।
২০২৩-২৪ অর্থবছরে জেলা পরিষদের প্রায় ৩০ লাখ টাকা বরাদ্দকৃত এই প্রকল্পে এইচবিবি রাস্তা নির্মাণের জন্য সিডিউল অনুসারে ৩ ইঞ্চি বালু ব্যবহারের শর্ত থাকলেও তা মানা হয়নি। জানা যায়, সাংগু নদীর পাড় থেকে সংগৃহীত বালু রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে, যা স্থানীয় বাসিন্দারা নিম্নমানের বলে দাবি করেছেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, “৩৩ বছর পর রাস্তাটি নির্মাণ হচ্ছে, কিন্তু এর মান খুবই নিম্ন। ইটগুলো সব ভাঙা ও খারাপ।”
এ প্রসঙ্গে কাজের মিস্ত্রি রেজাউল করিম বলেন, “আমি সিডিউল অনুযায়ী কাজ করছি না, ঠিকাদারের নির্দেশেই কাজ করেছি। বালু দিতে চাইলেও ঠিকাদার বালু ব্যবহার করতে নিষেধ করেছে।”
অভিযোগ পাওয়ার পর রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, ১ নং ওয়ার্ডের মেম্বার আবু বক্করকে পরিদর্শনে পাঠান। তিনি গিয়ে নিম্নমানের ইট তুলে সঠিকভাবে বালু দিয়ে পুনরায় কাজ করার নির্দেশ দেন।
এ বিষয়ে ঠিকাদার আবু মোতালেব দাবি করেন, “জেলা পরিষদের অনুমতিতেই আমরা এই ইট ও নদীর বালু ব্যবহার করছি।” সাবেক রুমা সদর ইউনিয়ন চেয়ারম্যান শৈমং মারমাও এ কাজে তাঁর সহযোগী বলে জানান তিনি।
জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান জানান, পরিদর্শনে গিয়ে তারা দেখেন বালু বিহীন ইট বসানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইট তুলে যথাযথভাবে বালু দিয়ে পুনরায় কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন তিনি।
