ইসরায়েলি অভিযানে গাজায় একদিনে ৫০ শিশুসহ নিহত ৮৪

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের সামরিক অভিযানে গত ২৪ ঘণ্টায় গাজায় নিহত হয়েছেন ৮৪ জন, যার মধ্যে ৫০ জনই শিশু ও অপ্রাপ্তবয়স্ক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইসরায়েলি হামলায় এই প্রাণহানি ঘটে। আহত হয়েছেন আরও ১৮৬ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, “দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৮৪ জনের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অনেককে উদ্ধার করা সম্ভব হচ্ছে না লোকবল ও উপকরণের অভাবে।”

গত এক বছরে ইসরায়েলি অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ২৫৯ জনে, এবং আহত হয়েছেন ১ লাখ ১ হাজার ৮২৭ জন। জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের অভিযানের ফলে গাজার প্রায় ২২ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন এবং সেখানে খাদ্য, পানি, ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি, আলজাজিরা