আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুই মার্কিন দূতের সাথে আলোচনা শেষে তিনি এই সিদ্ধান্ত জানান। নেতানিয়াহুর দাবি, ইসরাইলের নিরাপত্তা রক্ষায় সব ধরনের প্রস্তুতি তার দেশের আছে, তবে যুদ্ধবিরতির চুক্তির শর্ত হিসেবে লেবানন থেকে আসা নিরাপত্তা হুমকি মোকাবিলার ক্ষমতা তার দেশকেই রাখতে হবে। এছাড়া তিনি ইসরাইলের উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত নাগরিকদের ফিরিয়ে আনার আশ্বাস দেন।
সম্প্রতি ইসরাইলের মেতুলায় লেবানন থেকে আসা রকেট হামলায় এক ইসরাইলি কৃষক ও চার বিদেশি কর্মী নিহত হওয়ার পর মার্কিন প্রতিনিধিদের সঙ্গে নেতানিয়াহুর এ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে ইসরাইল জানিয়েছে, কিরিয়াত আতা শহরে পৃথক হামলায় আরও দুই বেসামরিক লোকের মৃত্যু হয়েছে। অন্যদিকে লেবানন দাবি করেছে, ইসরাইলি হামলায় তাদের দক্ষিণাঞ্চলে ছয়জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন।
মার্কিন দূত ব্রেট ম্যাকগার্ক ও আমোস হোচস্টেইন যুদ্ধবিরতি কার্যকরের উদ্যোগে ইসরাইলে এসেছেন। এর আগে, লেবাননের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১ কার্যকর করতে লেবাননের সম্মতি পাওয়ার খবরও রয়টার্স নিশ্চিত করেছে, যা ৬০ দিনের যুদ্ধবিরতি নিশ্চিত করবে।
