জাগ্রত পাহাড় ডেস্ক:
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিজয়ী দল। বিমানবন্দরে তাদের সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।
ট্রফি জয়ের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে ছাদখোলা বাসে করে রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের পথে রওনা দেয় দলটি। বাসটি এক্সপ্রেসওয়ে, এফডিসি, সাত রাস্তার মোড়, মগবাজার ফ্লাইওভার, কাকরাইল, পল্টন, নটরডেম কলেজ, ও শাপলা চত্বর হয়ে বাফুফে ভবনে পৌঁছাবে।
নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে পরাজিত করে বাংলাদেশ। দলের পক্ষে গোল করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। এ বিজয় উদযাপনে বাফুফে ভবনে আয়োজিত সংবর্ধনায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত থেকে তাদের অভিনন্দন জানাবেন।
গতবারের মতো এবারও ছাদখোলা বাসে নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার এই উদ্যোগ ফুটবলপ্রেমীদের মনে সৃষ্টি করেছে আনন্দের জোয়ার।