চট্টগ্রাম মেডিকেল কলেজে অবৈধ অনুপ্রবেশ, রুম দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৮৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে। রোববার (২৭ অক্টোবর) দুপুরে কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন।
এর আগে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১২ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্তে উঠে আসে, কিছু শিক্ষার্থী ক্যাম্পাস ও ছাত্রাবাসে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও নিজেদের আধিপত্য ও একক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে। এসব কর্মকাণ্ডে যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।