বান্দরবানে পর্যটন খাত সংকটে, হোটেল-রিসোর্ট বন্ধের শঙ্কা

জাগ্রত পাহাড় ডেস্ক:

বান্দরবানে পর্যটকদের সংখ্যা কমে যাওয়ায় হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। চলতি মাসের ৫ তারিখ থেকে আবাসিক হোটেল ‘ডি মোর’ বন্ধ করা হয়েছে। খরচ সামলাতে না পেরে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় হোটেল-রিসোর্ট মালিকরা।

ব্যবসায়ীদের মতে, জেলার পর্যটন খাতে কয়েক শত বিনিয়োগকারী যুক্ত থাকলেও অধিকাংশই ঋণগ্রস্ত। গণপরিবহন, চাঁদের গাড়ি, বার্মিজ স্টোর ও বিভিন্ন পরিবহন ব্যবস্থার ওপর নির্ভরশীল প্রায় ২০ হাজার মানুষ পর্যটনখাত নির্ভর জীবনযাপন করছেন। তবে ২০১৯ সাল থেকে করোনাভাইরাস, বন্যা এবং সাম্প্রতিক কালে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের প্রভাব পর্যটনে বাধা সৃষ্টি করেছে। বর্তমানে জেলা প্রশাসনের ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে নিরুৎসাহিত করার নির্দেশনার ফলে আরও বড় সংকটের মুখে পড়েছে বান্দরবানের পর্যটন খাত।

হোটেল ডিমোরের ম্যানেজার হ্যাপী মারমা জানান, দৈনিক প্রায় ৫০ হাজার টাকা খরচ বহন সম্ভব না হওয়ায় তাদের হোটেল বন্ধ করতে হয়েছে। রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দীন মাস্টার বলেন, পর্যটকদের আগমন না থাকায় জেলা সদরে প্রায় ২৫টি রেস্টুরেন্ট ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।

আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জানান, খরচ সামলাতে না পারায় ইতোমধ্যে অনেক হোটেলের মালিকানা পরিবর্তন হয়েছে। তিনি আরও জানান, ৩১ অক্টোবরের পর পর্যটন নিষেধাজ্ঞা শিথিল করা না হলে অধিকাংশ হোটেল-রিসোর্ট বন্ধ হয়ে যাবে।