নিউজ ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ফ্যাসিবাদ থেকে মুক্তির আন্দোলনে কোনো একক মাস্টারমাইন্ড নেই। দেশের মানুষ নিজ উদ্যোগে আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং যুবসমাজের সাহসিকতায় নেতৃত্বে এসেছে পরিবর্তন। শহীদদেরকে জামায়াত দলীয়ভাবে বিবেচনা করে না; তারা জাতীয় বীর।” তিনি শনিবার সকালে বগুড়া শহরে জামায়াতে ইসলামী জেলা ও শহর শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “জনগণ বিভক্ত জাতি দেখতে চায় না; তারা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চায়। দল-মতের ঊর্ধ্বে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ গঠনের আহ্বান জানান তিনি।” ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, “অনেক অযোগ্য ব্যক্তি পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তাদেরকে প্রতিহত করতে হবে।”
তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনার সরকার বিচারের নামে প্রহসন করে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যার পাঁয়তারা চালিয়েছে। দলের অফিসগুলোও বন্ধ করে দেওয়া হয়েছিল। দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি জামায়াতের দায়বদ্ধতা রয়েছে এবং সাধ্যমতো তাদের পাশে থাকবে।”
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, এবং অন্যান্য নেতৃবৃন্দ।