বাদাম আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম প্রিয় খাবার। রোদ-বৃষ্টি, আড্ডা কিংবা ভ্রমণে বাদাম প্রায় সবার সঙ্গী। কিন্তু অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে যে বাদাম খেলে ওজন বেড়ে যায়। আসলে কি তাই?
সম্প্রতি কলকাতার পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরী ভারতীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বাদামের উপকারিতা ও ক্ষতির দিক নিয়ে।
বাদামের পুষ্টিগুণ:
বাদামকে বলা হয় পুষ্টির খনি। এতে প্রোটিন, ফ্যাট, আয়রন, ভিটামিন বি৬, মাগনেশিয়াম, ক্যালসিয়াম, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডসহ শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান রয়েছে। যা হার্ট ও ব্রেনের জন্য উপকারী।
ওজন বাড়ার সম্ভাবনা:
পুষ্টিবিদ কোয়েল জানান, বাদাম অত্যন্ত পুষ্টিকর হলেও এতে ফ্যাটের পরিমাণ রয়েছে, বিশেষ করে চিনা ও কাজু বাদামে। অতিরিক্ত পরিমাণে বাদাম খেলে ওজন বাড়তে পারে। তবে পরিমিত পরিমাণে বাদাম খেলে শরীরের উপকার হয়।
কী পরিমাণ বাদাম খাবেন:
প্রতিদিন সর্বোচ্চ ৫০ গ্রাম বাদাম খাওয়া নিরাপদ। বিভিন্ন ধরনের বাদাম যেমন চিনাবাদাম, কাজুবাদাম, আমন্ড ও ওয়ালনাট একসঙ্গে মিশিয়ে খেতে পারেন। এতে ওজন বৃদ্ধির আশঙ্কা কমে এবং বেশি উপকার মেলে।
লবণযুক্ত বাদাম এড়িয়ে চলুন:
লবণযুক্ত বাদাম নিয়মিত খেলে শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে, যা প্রেশার ও কিডনির ক্ষতি করতে পারে। তাই লবণবিহীন বা বালিতে ভাজা বাদাম খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ।
গ্যাস-অ্যাসিডিটির সমস্যা:
বেশি পরিমাণে বাদাম খেলে গ্যাস-অ্যাসিডিটি হতে পারে, বিশেষ করে যাদের আইবিএস বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা রয়েছে। তাই সতর্ক থেকে বাদাম খাওয়া উচিত।
সঠিক নিয়ম মেনে বাদাম খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং শরীরের পুষ্টির ঘাটতি মেটানো সম্ভব।