নিউজ ডেস্ক:
গত ৫ আগস্ট রাজধানী ঢাকার বাড্ডায় বিজয় মিছিলে যোগ দিতে গিয়ে শহিদ হন গুলশান কমার্স কলেজের এইচএসসি পরীক্ষার্থী রায়হান। মিছিলে অংশগ্রহণের সময় হঠাৎ মাথা ও পিঠে গুলিবিদ্ধ হন তিনি। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে রায়হান উত্তীর্ণ হয়েছেন।
ফলাফল প্রকাশের পর রায়হানের মা-বাবা অশ্রুসিক্ত হয়ে পড়েন। রায়হান নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পূর্ব দুর্গানগর গ্রামের আমজাদ হাজী বাড়ির মো. মোজাম্মেল হোসেন ও আমেনা দম্পতির একমাত্র সন্তান ছিলেন। ফল প্রকাশের খবর শুনে রায়হানের একমাত্র বোন উর্মি আক্তার জানান, “আমার ভাই খুব ভালো ছাত্র ছিল। তার আচরণ সবসময় ভালো ছিল। বাবা-মা এখন কাঁদছেন, তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল।”
রায়হানের মা আমেনা খাতুন বলেন, ‘আমার ছেলে বেঁচে নেই, তার এই ফল দিয়ে কী হবে? সে পাস করেছে তা দিয়ে এখন কি করব। তার আরও ভালো রেজাল্ট করার কথা। সে মেধাবী শিক্ষার্থী ছিল। তার বাবা এখনও কান্না করছেন। নিজেরা না খেয়ে সন্তানকে খাইয়েছি। তাকে ঢাকায় পড়ালেখা করাইছি। তার অনেক স্বপ্ন ছিল। সব স্বপ্ন বুলেটে শেষ হয়ে গেছে।’

