জাগ্রত পাহাড় ডেস্ক

সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাককে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মো. তালেবুর রহমান।
ড. আব্দুর রাজ্জাক টাংগাইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে ২০০১, ২০০৮, ২০১৪, এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় কৃষিমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য নেতামন্ত্রীদের মতো ড. আব্দুর রাজ্জাকও আত্মগোপনে চলে যান।
