আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে মোতায়েন করা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীকে দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সম্প্রতি দক্ষিণ লেবাননে ইসরাইলি আক্রমণের ফলে জাতিসংঘের বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হয়েছেন এবং সেখানে অবস্থিত শান্তিরক্ষী মিশনের সদর দপ্তর লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি বাহিনী। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব গুতেরেসসহ বিভিন্ন বিশ্বনেতা ইসরাইলের প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানান।
নেতানিয়াহু অভিযোগ করেন, জাতিসংঘের UNIFIL বাহিনী লেবাননের সীমান্ত এলাকা থেকে প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়ে হিজবুল্লাহর জন্য ‘মানব ঢাল’ হিসেবে কাজ করছে। মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, “ইসরাইলি বাহিনী বেশ কয়েকবার UNIFIL বাহিনীকে এলাকা ছেড়ে যাওয়ার অনুরোধ করেছে, কিন্তু তারা বারবার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।” তিনি আরও অভিযোগ করেন যে, শান্তিরক্ষীদের এই অস্বীকৃতি সধারণের জীবনকে বিপন্ন করে তুলেছে এবং হিজবুল্লাহর জিম্মায় রেখে তাদের জীবন ঝুঁকিতে ফেলেছে।
নেতানিয়াহু বলেন, শান্তিরক্ষী বাহিনীর সৈন্যদের আহত হওয়ার জন্য দুঃখিত, তবে এটিকে প্রতিরোধের সবচেয়ে সহজ এবং স্পষ্ট উপায় হচ্ছে তাদেরকে বিপজ্জনক অঞ্চল থেকে সরিয়ে নেওয়া। আল-জাজিরার সূত্র অনুযায়ী, তিনি বলেন, “আমরা সর্বাত্মক চেষ্টা করছি এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে, তবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রত্যাহারই একমাত্র সমাধান।”
সুত্র-আল জাজিরা
