আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলমান যুদ্ধ বন্ধ করতে চান না বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক কূটনীতিক অ্যালন পিনকাস। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পিনকাস জানান, নেতানিয়াহু তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ জারি রাখতে চাচ্ছেন।
পিনকাস বলেন, “নেতানিয়াহু সব সময় এক ধরনের যুদ্ধকালীন পরিস্থিতি রাখতে চেয়েছেন। রাজনৈতিকভাবে এটি তার জন্য গুরুত্বপূর্ণ। তিনি ইসরাইলিদের কাছে নিরাপত্তার প্রতীক হিসেবে নিজেকে তুলে ধরতে চান। তবে গত বছর হামাসের অতর্কিত হামলার পর তার এই ভাবমূর্তি সংকটে পড়ে।”
গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ইসরাইলের ব্যাপক বোমা হামলা চলমান রয়েছে। এছাড়া, সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার বিষয়টি ইসরাইলের মন্ত্রিসভায় আলোচিত হচ্ছে। ইসরাইলের এ সামরিক কার্যক্রমে লেবাননের হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে।
পিনকাস আরও বলেন, “মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কয়েকবার নেতানিয়াহুর কাছে গাজার ভবিষ্যৎ নিয়ে তার পরিকল্পনা জানতে চেয়েছেন। কিন্তু নেতানিয়াহু এই বিষয়ে কোনো সদুত্তর দেননি এবং যুদ্ধবিরতির প্রস্তাবগুলোও বারবার প্রত্যাখ্যান করেছেন।”
এই যুদ্ধের ফলে ইসরাইল ও ফিলিস্তিনের সম্পর্ক, এবং হিজবুল্লাহসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক আরও জটিল আকার ধারণ করেছে। নেতানিয়াহুর নেতৃত্বে এই যুদ্ধ অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
