নিউজ ডেস্ক:
আইজিপি মো. ময়নুল ইসলাম জানিয়েছেন, দুর্গাপূজার বিজয়া দশমীতে শোভাযাত্রা ও বিসর্জনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পূজা শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। তিনি বলেন, “প্রথমে নাশকতার আশঙ্কা ছিল, তবে বর্তমান পরিস্থিতি শান্তিপূর্ণ। বিজয়া দশমীর দিন সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারি বজায় রেখেছে।”
তিনি আরও জানান, সারাদেশে ৩২ হাজার পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে তাতীবাজারের একটি ঘটনাসহ মোট ৪৩টি বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব ঘটনার মাধ্যমে কিছু রাজনৈতিক মহল নাশকতার চেষ্টা করছে, তবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি জানান, “যেখানে ঘটনা ঘটছে, তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
আইজিপি আরও উল্লেখ করেন, “যারা অপরাধমূলক কাজের পেছনে লিপ্ত, পূজার পর তাদের ধরতে সাঁড়াশি অভিযান চালানো হবে। গতকাল তাতীবাজারের ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তিনজন চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।”
আইজিপি মো. ময়নুল ইসলাম জানান, পূজা উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে এবং বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পূজা শেষ হওয়ার পর সাঁড়াশি অভিযানের মাধ্যমে সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি।