নিউজ ডেস্ক:
ঢাকা, ৯ অক্টোবর ২০২৪ – সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার পরিবার এবং সহকারী একান্ত সচিব (এপিএস) মনির হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাপ্ত তথ্যানুযায়ী, আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ৫শ’ কোটি টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের প্রমাণ পাওয়া গেছে।
বুধবার (৯ অক্টোবর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, সাবেক মন্ত্রীর স্ত্রী, সন্তান ও এপিএসের নামে ৩৬টি ব্যাংকে ৪১৬ কোটি টাকা অবৈধভাবে জমা করার প্রমাণ মিলেছে। এছাড়া, এপিএস মনির হোসেনের অবৈধভাবে অর্জিত ৮৪ কোটি টাকার সম্পদের তথ্যও পাওয়া গেছে। অনুসন্ধান শেষে কমিশন তাদের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা দায়ের করেছে।
মামলার অন্যান্য আসামিরা হলেন কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদাচ্ছের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান এবং এপিএস মনির হোসেন। জানা গেছে, গত ১৫ আগস্ট ঘুষ নেওয়ার অভিযোগে এই অনুসন্ধান শুরু হয়েছিল এবং দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীরকে দলনেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।